চন্দনাইশে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম (ভিজিট : ৭)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরু মারা যান।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি