প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম (ভিজিট : ৫)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালিটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। এই দল আপনার, এর সুনাম ও ঐক্য ধরে রাখার দায়িত্বও আপনাদের।
গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে আপনারা যে ধৈর্য ও দেশপ্রেম দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। বর্তমান বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা এবং অনভিজ্ঞ প্রশাসন নিয়ে পথচলা শুরু করেছে। সরকারের প্রথম কয়েক মাসে নানামুখী প্রতিকূলতা সামাল দিতে হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, পরাজিত স্বৈরাচারী শক্তির দোসররা এখনো সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপতথ্য ছড়িয়ে বিএনপির সঙ্গে জনগণের দূরত্ব তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্য ধরে সত্য তথ্য নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দেন তিনি।
নিজের অবস্থান স্পষ্ট করে মাজেদ বাবু বলেন, আমি দল বা উপজেলা থেকে এক টাকাও নিতে আসি নাই। দীর্ঘ ১৭ বছর যেমন আত্মত্যাগ করেছি, এখনও তেমনই আছি। বিএনপি করে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা যে সুবিধা পাওয়ার কথা, সন্তানদের চাকরি থেকে শুরু করে সব নাগরিক সুবিধা কোনো প্রকার বিনিময় ছাড়াই বিনাশর্তে তারা পাবেন।
অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হকের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি