সোনারগাঁয়ে ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের কড়া অভিযান, এক মাসে ২০ মামলায় জরিমানা ১২ লাখ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে জনস্বার্থে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
গত আগস্ট মাসজুড়ে পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অপরাধে ২০টি মামলা দায়েরের পাশাপাশি মোট ১২ লাখ ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কাঁচপুর রাজস্ব সার্কেল সূত্রে জানা যায়, আগস্ট মাসজুড়ে কাঁচপুর ও আশপাশের এলাকায় সরকারি নির্দেশনা অমান্য, অবৈধ দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দফায় দফায় এই অভিযান চালানো হয়। আইন লঙ্ঘনের প্রমাণ পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হয় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা।
মোবাইল কোর্টের মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসে নিষ্পত্তিকৃত ২০টি মামলায় মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আদালত অভিযুক্তদের কাছ থেকে মোট ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করে। এ ছাড়া অপরাধের মাত্রা বিবেচনায় একজনকে ৩ দিনের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে অপর একজনকে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং যেকোনো ধরনের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান ও আইনি তৎপরতা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।