বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: বিএনপির দুই নেতা কারাগারে

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসান

2026-08-31T17:32:40+06:00
2026-08-31T17:32:40+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: বিএনপির দুই নেতা কারাগারে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসান শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৯ আগস্ট মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৩০ আগস্ট তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে সোমবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, এক দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তারা জামিনে মুক্তি পেলে আত্মগোপনে গিয়ে মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আব্দুল রহমান তাদের জামিনের আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর পাশাপাশি জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর বড় ভাই কাউসার মালয়েশিয়ায় থাকেন। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে বাদী তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন।

এরপর ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামার পর কয়েকজন তাদের ঘিরে ধরেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। আসামিরা তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সঙ্গে বোমা রয়েছে—এমন অভিযোগ তুলে মারধর করেন বলে দাবি বাদীর।

একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আসামিরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ (৪০), বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন (২৭), সাধারণ সম্পাদক আল-আমিন হাসান শান্ত (২৭) এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল (৩২)কে আসামি করা হয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ