সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৩১ পিএম (ভিজিট : ৪)

ট্রাইব্যুনালে সালমান এফ রহমান। ফাইল ছবি
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন এক বিদেশি আইনজীবী। তার নাম গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে এ আবেদন করেছেন।
এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে করা আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করেন।
আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক। আবেদনের সঙ্গে তিনি নিজের পেশাগত প্রোফাইল ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করেছেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই