প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম (ভিজিট : ৪)

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সকাল ৯টায় অফিসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। একই সঙ্গে অফিসের সেবা কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়েও অসন্তোষ জানান তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে হঠাৎ নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। এ সময় তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় অফিসের সার্বিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৌনে ৯টায় অফিসে যান। আপনারা যদি এমন করেন, তাহলে কি আমরা সেবাটা দিতে পারব? সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।’
অফিসে উপস্থিত না থেকেও আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন মীর হেলাল। এ ধরনের অনিয়ম ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’
পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মীর হেলাল আরও বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
ডেল্টা টাইমস/সিআর/এমই