একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুই

2026-08-25T12:41:49+06:00
2026-08-25T12:41:49+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ০)
মেয়েদের সঙ্গে একরামুল হক (ইনসেটে আব্দুর রহমান বদি)

মেয়েদের সঙ্গে একরামুল হক (ইনসেটে আব্দুর রহমান বদি)

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুই ব্রিগেডিয়ার জেনারেল ও এক কর্নেলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া।

কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া চারজন হলেন-সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন এবং কর্নেল আনোয়ার লতিফ খান।
 
অন্যদিকে, শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব ও আশিকুর রহমানের বিরুদ্ধে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউটর অলি মিয়া জানান, চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি বাকি সাতজনকে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির জন্য ৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই এ মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তিনজনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। একরামুল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ