জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সেখানে তাদের সব বক্তব্য ও মতামত লিপিবদ্ধ করা হবে।
রোববার (৩০ আগস্ট) সংসদ অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যদি সহযোগিতার হাত না বাড়ান এবং সব বিষয়ে বলেন—আগে সব দিতে হবে, তারপরেও আমরা সংবিধান সংশোধন কমিটিতে আসব না; তাহলে সেটা তো সহযোগিতা হলো না।’
তিনি বলেন, ‘একতরফাভাবে আপনাদের সব দাবি মানতে হবে, তারপরও আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন না—এটা তো হতে পারে না। আপনারা কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত বক্তব্য সেই প্রতিবেদনে থাকবে, জাতি আপনাদের বক্তব্য জানতে পারবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকবে, আবার কিছু প্রস্তাবে সবাই একমতও হতে পারেন। এ ছাড়া সংবিধানে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেগুলোও বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘আমরা ভেরি ওপেন। আশা করি, আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন। আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাব।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। তবে তা না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘আপনারা সবকিছুই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে আসবেন না—এটা দুটি বিপরীতমুখী বিষয়।’
বক্তব্যের শেষে হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।’
ডেল্টা টাইমস/সিআর/এমই