দিনাজপুরে সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি, আত্মসমর্পণও করেনি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম (ভিজিট : ২১)

বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি এবং বিএনপি আত্মসমর্পণ করার দল নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করেন, বিএনপিকে ধাক্কা দিলেই চলে যাবে। অতীতেও অনেকে এ ধরনের কথা বলেছেন। কিন্তু যারা বলেছিলেন বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেবেন না, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো আত্মসমর্পণ করেননি, আপস করেননি এবং জনগণকে একা ফেলে পালিয়েও যাননি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করাই দলটির রাজনীতি। যারা বিএনপিকে ভয় দেখানোর বা চোখ রাঙানোর চেষ্টা করছেন, তাদের গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি জনগণের পক্ষে কথা বলে এবং গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার দলের নাম বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।