খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম (ভিজিট : ০)

হবিগঞ্জের বাল্লা স্টেশনে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নদীটির পানি আরও বাড়তে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রোববার (২৩ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ ও উজানে ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, খোয়াই ও ধলাই নদীর পানি দ্রুত বেড়েছে। আগামী এক দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি কমতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় হবিগঞ্জের কিছু স্থানে খোয়াই নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
এদিকে পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অপরদিকে মুহুরী ও সেলোনিয়া নদীর পানি কমেছে। এসব নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী এক দিন পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী এক দিন পানি বাড়তে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিনে কমে চতুর্থ ও পঞ্চম দিনে স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বেড়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তবে এ নদীগুলোর পানিও বিপৎসীমার নিচে থাকার পূর্বাভাস রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিনে কমতে পারে।
ডেল্টা টাইমস/সিআর/এমই