৩ ইনিংসে ২৭ বলে ০, হ্যাটট্রিক ডাক নিয়ে অস্ট্রেলিয়া অধ্যায় শেষ লিটনের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:০২ এএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১১:৫২ এএম (ভিজিট : ১৩)

প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন লিটন দাস। এর আগে দেশটির মাটিতে অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫ ম্যাচে একটি ফিফটি ছিল বাংলাদেশি এই ব্যাটারের। তবে এবার টাইগারদের স্মরণীয় টেস্ট সিরিজে শূন্য হাতেই ফিরছেন তিনি। ২ টেস্টের ৩ ইনিংসে ২৭ বল মোকাবিলায় রানের খাতাই খুলতে পারলেন না।
হ্যাটট্রিক ডাক নিয়ে অস্ট্রেলিয়া অধ্যায় শেষ হতে যাচ্ছে লিটনের। প্রতিবারই মিচেল স্টার্ক তাকে শিকার করলেন। ম্যাকাই টেস্টে বাংলাদেশও আছে ইনিংস হারের শঙ্কায়। প্রথম টেস্টে ডারউইনে বাংলাদেশ ইতিহাস গড়ে জিতেছিল ৯ উইকেটে। সেখানে একমাত্র ইনিংসে ব্যাট করা সফরকারীদের হয়ে ৬ নম্বরে নেমে ১২ বল খেলে স্টার্কের বলে ক্যাচ দেন লিটন।
ওই ইনিংসে টেল-এন্ডারদের নিয়ে ওই সময় প্রতিরোধ গড়ে বাংলাদেশকে বড় লিড পেতে ভূমিকা রেখেছিলেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে টাইগারদের জয় পেলে আর প্রশ্নের মুখে পড়তে হয়নি লিটনকে। যদিও পায়ের ইনজুরির কারণে তিনি অস্ট্রেলিয়ার জন্য ঘোষিত প্রথম স্কোয়াডে ছিলেন না। পরে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষে তাকে স্কোয়াডে যুক্ত করেন বাংলাদেশের নির্বাচকরা।
ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়ে। ৬৪ রানে গুটিয়ে যাওয়া দলে সর্বোচ্চ ১৪ রান করেন ১১ নম্বরে নামা শরিফুল ইসলাম। যেখানে লিটন ৫ বল খেলে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ০ রানে ফেরেন। প্রথম ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে হতো সফরকারীদের। কিন্তু দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ব্যর্থ হলেন লিটন। এবার ১০ বলেও পারলেন না রানের খাতা খুলতে।
লিটন তার ১০টি বলই স্টার্কের মুখোমুখি হন। প্রথম ৯ বল কোনোরকমে ঠেকাতে পারলেও পরের বলে তৃতীয় স্লিপে ব্যু ওয়েবস্টারের ক্যাচ হন তিনি। স্টার্কের সুইং ও গতির মিশেল লিটনের অস্ট্রেলিয়া অধ্যায়টা করে দিলো ভুলে যাওয়ার মতো। যদিও এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে ফর্মে ছিলেন এই ডানহাতি তারকা ব্যাটার। সিলেট টেস্টের দুই ইনিংসে ১২৬ ও ৫৯ রান করেন লিটন। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রথম সফরটা হলো দুঃস্বপ্নের মতো!
টেস্টে অবশ্য টানা তিন ইনিংসে ডাক খাওয়ার রেকর্ড আছে ক্রিকেটবিশ্বের অনেকেরই। টানা ৫টি করে ডাকের কীর্তি গড়েন বব হল্যান্ড, অজিত আগারকার ও মোহাম্মদ আসিফ। ৪টি করে ডাক আছে ৩০ জন ব্যাটারের। এর মধ্যে বাংলাদেশের পেসার খালেদ আহমেদেরও নাম আছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই