রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৭:৪৭ পিএম (ভিজিট : ৫)

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে প্রবেশ করেন। তারা হলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শপথ অনুষ্ঠানের মধ্যদিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি একই সঙ্গে সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়াকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শপথ অনুষ্ঠানে যোগ দিতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে উপস্থিত হচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে এ পদটি শূন্য হয়। পরে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্যদিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বের অবসান হবে।