গাইবান্ধা যাবেন বিরোধীদলীয় নেতা, করবেন প্রতিবাদ সমাবেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৮:০১ পিএম (ভিজিট : ৫)

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
গাইবান্ধার সাঘাটায় গত ২১ জুন সংঘটিত হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে আগামীকাল সোমবার (১০ আগস্ট) গাইবান্ধা যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।
সাঘাটা উপজেলার বোনারপাড়া-কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম।
জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।
ডেল্টা টাইমস/ আরএফ