প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম (ভিজিট : ৫)

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ডিঙি নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(৩১ জুলাই) রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১১ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী ডিঙি নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২) নিখোঁজ হন।
এদিকে, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজ শুরু করেন। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এরই মধ্যে সকাল ১১টার দিকে স্থানীয়রা অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করেন। তবে অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ এখনও নিখোঁজ রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হন। শনিবার সকাল ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই