প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:১৩ এএম (ভিজিট : ০)

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। কে কী মন্তব্য করলেন বা কে কী করলেন, তা নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল দায়িত্ব।
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
মন্ত্রী বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা কিংবা রাজনৈতিক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ জন্য দেশের প্রতিটি উপজেলায় জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহ দিতে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। প্রত্যেক নাগরিক তাঁদের পছন্দমতো ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বাড়ির আশপাশে পতিত জায়গায় রোপণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় মন্ত্রী উপকারভোগীদের মধ্যে ২৩টি সেলাই মেশিন বিতরণ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং ৩৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই