প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: রেজিস্ট্রেশন ফরম পূরণের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম (ভিজিট : ১৯)

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠিত করতে রেজিস্ট্রেশন ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠিত করার লক্ষ্যে নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করতে হবে। এছাড়া অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ ফুটবল টিম গঠন করে তা উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আগামী ৭ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলা পর্যায়ের বিজয়ী দলের সব কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠাতে হবে।