২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম (ভিজিট : ৭)

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে, এ সময়ে সবচেয়ে বেশি ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
এ ছাড়া ব্র্যাক ব্যাংক-এর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং অগ্রণী ব্যাংক-এর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।