
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তথা নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।