বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জাতীয়

দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী

2026-07-22T13:34:42+06:00
2026-07-22T13:36:05+06:00
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৩৪ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১:৩৬ পিএম  (ভিজিট : ১০)
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান।

বৈঠকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিটিএমএ সভাপতি জানান, টেক্সটাইল খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং পুরনো। বিগত কোনো সরকারই এসব জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়নি। 

তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এই খাতের সঙ্কট পুরোপুরি কাটিয়ে উঠতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা সরকারকে এ সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।

সরকার ইতিমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। শওকত আজিজ রাসেল আরও জানান, নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে অন্তত ১৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ