শিক্ষার্থীদের দাবির মুখে জবির সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম (ভিজিট : ১১)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুবকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে একই পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করল।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) উপধারা অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. শাওলী মাহবুবকে আগামী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এই নিয়োগ আগামী ২০ জুলাই থেকে কার্যকর হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ডিন পদের ভাতা ও অন্যান্য নিয়মসংগত সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে গত ৭ জুলাই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নিয়োগের আদেশটি গত ১২ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
তবে অধ্যাপক আইনুল ইসলামের ওই নিয়োগের পরপরই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। গত ১৬ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁর ডিন পদের নিয়োগের প্রতিবাদে ক্যাম্পাসে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ঘেরাওয়ের মুখে অধ্যাপক আইনুল ইসলাম অর্থনীতি বিভাগের নিজ কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের সময় অধ্যাপক আইনুল ইসলামের রাজনৈতিক ভূমিকা বিতর্কিত ছিল। তাদের দাবি, ‘ফ্যাসিবাদের’ পক্ষে অবস্থান নেওয়ার এমন গুরুতর অভিযোগ থাকা কোনো শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তারা অবিলম্বে তাঁর নিয়োগ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দেয়।
শিক্ষার্থীদের এই লাগাতার আন্দোলনের তিন দিনের মাথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ রোববার নতুন অফিস আদেশ জারি করে ওই প্রজ্ঞাপন বাতিল করে সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে অধ্যাপক ড. শাওলী মাহবুবকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করল।