প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম (ভিজিট : ০)

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে হার্ভার্ড, ক্যামব্রিজ ও এমআইটির আদলে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, দেশের মেধা দেশে ধরে রাখতে এবং মেধাপাচার রোধে বর্তমান সরকার ‘রিভার্স ব্রেন ড্রেন’ (বিদেশে চলে যাওয়া মেধা ফিরিয়ে আনা) নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে।
শনিবার (১১ জুলাই) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে সামার-২০২৬ টার্মে ভর্তিকৃত ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো।। আবদুল্লাহ্ মৃধার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই ওরিয়েন্টেশনে সামার-২০২৬ টার্মে স্নাতক (বিএস) পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর (এমএস) পর্যায়ে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জনসহ মোট ৫৪৬ জন নবীন শিক্ষার্থী অংশ নেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই