সবটুকু দিয়ে চেষ্টা করে পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি: রোনালদো

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নিজের শেষ বিশ্বকাপেও পেলেন না প্রত্যাশিত সাফল্য। স্পেনের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে শেষ

2026-07-07T09:35:54+06:00
2026-07-07T09:35:54+06:00
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

সবটুকু দিয়ে চেষ্টা করে পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি: রোনালদো
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৩৫ এএম   (ভিজিট : ১১)

পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নিজের শেষ বিশ্বকাপেও পেলেন না প্রত্যাশিত সাফল্য। স্পেনের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে শেষ হয়ে গেল তার বিশ্বকাপ অভিযান। বিদায় নিয়ে রোনালদো জানান, তিনি তার সেরাটা দিয়েই চেষ্টা করেছেন, তাই কোন খেদ নেই মনে। এটাই তার শেষ বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা।

সোমবার ডালাসে শেষ ষোলোর লড়াইয়ে মিকেল মেরিনোর একেবারে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন। গোল হজম করে ম্যাচে ফেরার জন্য আর যথেষ্ট সময় পায়নি পর্তুগাল। 

মিক্সড জোনে সাংবাদিকদের রোনালদো বলেন, ম্যাচটি যেকোনো দিকেই মোড় নিতে পারত, তবে স্পেনের ‘খানিকটা ভাগ্য’ সহায় ছিল। যার কারণে বদলি খেলোয়াড় মেরিনো ম্যাচের শেষ মুহূর্তে গোল করতে পেরেছেন।

রোনালদো বলেন, ‘এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে বলে আমি দুঃখিত। আমি আমার সবটুকু দিয়েছি। নিজের সেরাটা চেষ্টা করেছি এবং পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, এটিই ছিল আমার শেষ বিশ্বকাপ। তবে এখন আমি চিন্তা করার এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাব। আমি কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না (আন্তর্জাতিক ফুটবল ছাড়া প্রসঙ্গে)।’

৪১ বছর বয়সী এই তারকা পর্তুগালের হয়ে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন কি না, তা নিশ্চিত করেননি। তিনি জানান, ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত দিয়ে তিনি দলের এই অভিযানকে আড়াল করতে চান না,  ‘আমি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না।’

রোনালদো পর্তুগালকে ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ২০১৯ এবং ২০২৫ সালে নেশনস লিগ জিততে সাহায্য করেছিলেন, জাতীয় দলের প্রতি নিজের অবদান নিয়ে বিদায় বেলায় গর্ব প্রকাশ করেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি; ক্রিস্তিয়ানো রোনালদোর আগে পর্তুগাল একটি শিরোপাও জেতেনি।’

‘জাতীয় দলের জেতা সবচেয়ে বড় শিরোপাটি ছিল ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, যা সত্যি বলতে, আমার কাছে একটি বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ।’

পর্তুগালের এই বিদায়ের সঙ্গে সঙ্গে ম্যানেজার হিসেবে রবার্তো মার্তিনেসের অধ্যায়ও শেষ হয়েছে। এই স্প্যানিশ কোচের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে রোনালদো বলেন, ‘তার সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। একজন দারুণ ম্যানেজার, একজন চমৎকার মানুষ এবং পর্তুগালের জন্য তিনি যা করেছেন তা প্রশংসার দাবিদার। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এবং তার সুখ কামনা করি...'

আল-নাসরের এই ফরোয়ার্ড আরও যোগ করেন, ‘একটি বড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সবসময়ই দুঃখজনক। এটি একটি বিশ্বকাপ। দল আসলেই নিজেদের গুছিয়ে নিয়েছিল। আমার দৃষ্টিতে, আমরা ভালো খেলেছি। ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারত, তবে এটাই ফুটবল। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে।’

‘এভাবে বিদায় নেওয়াটা হতাশাজনক, তবে আমরা মাথা উঁচু করে বিদায় নিতে পারি।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ