প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:০৯ পিএম (ভিজিট : ১১)

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায় হলেও কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা হারাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালিয়ান এই কোচ।
নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর কায়েতানো বলেন, ‘এখন আমাদের স্বাভাবিক একটি চক্রের মধ্যে কাজ চালিয়ে যেতে হবে। আরও শান্ত পরিবেশে এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের অন্তত কিছুটা স্থিতিশীলতা দরকার।’
বিশ্বকাপ থেকে বিদায়ে হতাশা প্রকাশ করলেও আনচেলত্তির কাজের প্রশংসা করেন সিবিএফের এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘অবশ্যই আমরা সবাই ভীষণ হতাশ। খেলোয়াড়, কোচিং স্টাফ—সবার জন্যই এটি কষ্টের। কিন্তু গত ৩৮ দিনে আমরা যে কাজ করেছি, খেলোয়াড়দের নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখেছি, সেটিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই শতভাগ নিবেদিত ছিল।’
কায়েতানোর মতে, টুর্নামেন্ট যত এগিয়েছে ব্রাজিলের খেলাও তত উন্নতি করেছে। তাই এমন সময় বিদায় নেওয়াটা আরও বেশি কষ্টের।
তিনি বলেন, ‘পুরো প্রতিযোগিতা জুড়ে দল ধারাবাহিকভাবে উন্নতি করেছে। আজও অনেক সময় আমরা ভালো ফুটবল খেলেছি। তাই এই বিদায় আরও বেশি যন্ত্রণার। আমাদের বিশ্বাস ছিল, আমরা আরও অনেক দূর যেতে পারব এবং ফাইনালে খেলার লক্ষ্য পূরণ করতে পারব।’
২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনেই সেলেসাওরা বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে ২০২৬ বিশ্বকাপে অংশ নেয়। যদিও প্রথম আসরেই শিরোপার স্বপ্ন ভেঙে গেছে, তবুও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে সরে আসছে না সিবিএফ।
ফলে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নেতৃত্বেই নতুন করে দল গঠনের কাজ শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ডেল্টা টাইমস/সিআর/এমই