
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলিতে অপহরণ ও ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় ‘নাগরিক টিভি’র হিলি প্রতিনিধি তাহাকিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাহাকিক হাসান হাকিমপুর (হিলি) পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলহাজ আবু তোরাব হোসেনের ছেলে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জীবনানন্দ নামের এক ব্যক্তিকে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকে রাখে অপহরণকারীরা। পরে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা চাঁদা (মুক্তিপণ) দাবি করা হয়। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হলে পুলিশ তদন্তে নামে। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, তাহাকিক হাসান অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি হিলিতে নাগরিক টিভির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে এই অপহরণকাণ্ডে তার জড়িত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি