
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠী নারী। তাদের শিক্ষিত ও কর্মক্ষম করে সামনের দিকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে বাংলাদেশ আরও উন্নত হবে।
তিনি বলেন, নারী ও মেয়েদের এগিয়ে নিতে সরকার বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা ও উৎসাহ দিচ্ছে। একটি নারীকে স্বাবলম্বী করে তোলা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দেওয়া। পরিবারের নারীদের সহযোগিতা করার মাধ্যমে পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই ভালো থাকবে। মনের মধ্যে ক্রোধ না রেখে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য দেন।
এ সময় ঘোড়াঘাট-হাকিমপুর থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, মন্ত্রীর পিএস ডা. জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।