জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে ১০ স্বর্ণের বারসহ আটক ১

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-07-03T20:13:44+06:00
2026-07-03T20:16:58+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে ১০ স্বর্ণের বারসহ আটক ১
মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৮:১৬ পিএম  (ভিজিট : ১২১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ জুলাই) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়ার মাঠ এলাকায় ভারতগামী পথে স্বর্ণ পাচারের সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদ (২৫)।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সালুয়ার মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মামুনুর রশিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে বহন করা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১০১ ভরি ৯ আনা ২ রতি। ২২ ক্যারেটের এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বর্ণ পাচার চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে স্বর্ণ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।









  এই ক্যাটেগরির আরো সংবাদ