হিলিতে রাস্তার পাশে মুরগীর শেড থেকে মালিকবিহীন ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:২৮ এএম (ভিজিট : ১৩১)

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি-টু-বিরামপুর সড়কের পাশে একটি মুরগির শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার সাতকুড়ি (নওনাপাড়া) এলাকায় সড়কের পাশের একটি মুরগির শেড থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
ওসি মো. জাকির হোসেন জানান, তারা খবর পান যে ওই এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির মুরগির শেডে কে বা কারা কিছু চোরাই মালামাল ফেলে রেখে গেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করে।
তিনি বলেন, পরে পুলিশ আশপাশের লোকজনকে মালামালগুলোর মালিক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তবে কেউ এর মালিকের পরিচয় জানাতে পারেননি। ঘটনাস্থলেও কোনো মালিককে পাওয়া যায়নি। পরে মালামালগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, উদ্ধার করা মালামালের মধ্যে অধিকাংশই ছোলার বস্তা। অল্প পরিমাণ সরিষাও রয়েছে। কয়েকটি বস্তা ছেঁড়া-ফাটা অবস্থায় ছিল। এসব মালামালের প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চলছে। মালিকের সন্ধান না পাওয়া গেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই