প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম (ভিজিট : ১৮)

ফাইল ছবি
একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেই দুই অভিনেত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব হতে পারে না, এমন ধারণা সবসময় সত্যি নয়। এরই এক উদাহরণ ছিলেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী রানি মুখার্জি ও ঐশ্বরিয়া রাই বচ্চন। একসময় তাদের বন্ধুত্ব ছিল বেশ গভীর। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কেও আসে দূরত্ব।
পুরোনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, একটি আন্তর্জাতিক কনসার্ট ট্যুরে প্রায় ৪৫ দিন একসঙ্গে সময় কাটানোয় তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে ওঠে। ওই সফরে দুজন বিভিন্ন দেশে পারফর্ম করেন এবং একসঙ্গে ভ্রমণ করেন। এমনকি দুই পরিবারের সদস্যরাও সফরে ছিলেন। ফলে কাজের বাইরেও একে অপরকে কাছ থেকে জানার সুযোগ হয়েছিল।
ঐশ্বরিয়ার ভাষায়, “রানি খুব আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং সহজ-সরল মানুষ। আমাদের সম্পর্কে কোনো জড়তা ছিল না। ওয়ার্ল্ড ট্যুরে একসঙ্গে কাটানো ৪৫ দিন আমাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে। এরপরও আমাদের নিয়মিত যোগাযোগ ছিল।”
একবার একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে যেতে পারেননি রানি। তখন প্রকাশ্যেই তিনি বলেছিলেন, ঐশ্বরিয়াকে খুব ভালোবাসেন এবং সবসময় বন্ধু হয়ে থাকতে চান। সেই সময় বলিউডের অন্যতম আন্তরিক সম্পর্ক হিসেবে দেখা হতো তাদের বন্ধুত্বকে।
তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। দীর্ঘদিন ধরে প্রচলিত তথ্য অনুযায়ী, ২০০৩ সালে 'চলতে চলতে' সিনেমায় প্রথমে শাহরুখ খানের বিপরীতে ঐশ্বরিয়াকে নেয়া হয়েছিল। পরে তাকে বাদ দিয়ে নায়িকা করা হয় রানিকে। এরপর থেকেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডেল্টা টাইমস্/আইইউ