প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম আপডেট: ২৭.০৬.২০২৬ ৮:৫২ পিএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
ব্যবসায়ী বৈশাখ উপাধ্যায় নামের এক ব্যবসায়ীর মরদেহ ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় মডেল-অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। যা শোরগোল ফেলেছে শোবিজ দুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ৪৫ বছর বয়সী বৈশাখ অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং মৃত্যুর আগে ওই ফ্ল্যাটেই অবস্থান করছিলেন।
বুধবার (২৪ জুন) রাতে রহস্যজনক পরিস্থিতিতে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে পাওয়া যায় বৈশাখের লাশ। ঘটনার দিন অভিনেত্রী বাড়িতে ছিলেন না। রাজরাজেশ্বরী নগরের ‘এলিগ্যান্ট টেরেস’-এ অবস্থিত ওই ফ্ল্যাটে রাত সাড়ে ৮টা নাগাদ বৈশাখ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ওইদিন মধ্যরাতের দিকে ফ্ল্যাটের মালিক পুলিশ কন্ট্রোল রুমে ফোন করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, চরম পদক্ষেপটি নেয়ার আগে বৈশাখ কৃষিকে ফোন ও মেসেজ করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তখন নেলামঙ্গলায় অবস্থানরত কৃষি তাকে এমন চরম সিদ্ধান্ত না নেয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন এবং দ্রুত নিজের ফ্ল্যাটের দিকে ছুটে আসেন।
বৈশাখ ও কৃষি উভয়ের কাছেই ফ্ল্যাটের আলাদা চাবি ছিল। বন্ধু আত্মহত্যা করতে যাচ্ছে এমন খবর ফোনে শুনে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দেন। ফ্ল্যাটে যখন অভিনেত্রী ঢোকেন তখন বৈশাখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি ফ্ল্যাটের মালিককে বিষয়টি জানান। মালিক পুলিশ ও ওই ব্যক্তির স্ত্রীকে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। যদিও ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈশাখ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং এ কারণে চিকিৎসাও নিচ্ছিলেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন।
এছাড়াও ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে ঘিরে আলোচিত চাঁদাবাজি ও হুমকিমূলক চিঠির একটি মামলায়ও পুলিশের নজরদারিতে ছিলেন বৈশাখ। গত ফেব্রুয়ারিতে কুরিয়ারের মাধ্যমে রেড্ডির কাছে ৬ থেকে ৭ কোটি টাকা দাবি করে একটি হুমকির চিঠি পাঠানো হয়েছিল। সেই ঘটনার তদন্তেও বৈশাখের নাম উঠে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে প্রায় এক মাস ধরে স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন বৈশাখ। তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হতে পারে। এদিকে রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ঘটনাস্থলে কৃষি থাপান্ডাকে মরদেহের কাছে যেতে না দেয়ার বিষয়টি নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। এটি পরিবারের আপত্তি নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় অভিনেত্রীর সঙ্গে উপস্থিত কয়েকজনের বাকবিতণ্ডাও হয়। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে সেখান থেকে চলে যান ‘কন্নড় বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী।
বৈশাখ মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।
ডেল্টা টাইমস্/আইইউ