ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি
ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী ও অন্যজন বাসচাপায় নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) রাতে ও বৃহস্পতিবার (৪ জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন ওরফে জিসান (২৩), ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন এলাকার জিয়ানুল হোসেন শাওন (২৩) ও সোনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইকবাল হোসেন জিসান ও শাওন মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকার সুলতান পাম্পের বিপরীতে চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। অপরদিকে জিহানুল ইসলাম শাওনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে, গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস জুয়েল মাতাব্বরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুয়েল পেশায় টাইলসের মিস্ত্রি ছিলেন।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, নিহত ইকবাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জুয়েল মাতাব্বরের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর শাওনের মরদেহ চট্টগ্রাম থেকে আনার কথা রয়েছে।
ডেল্টা টাইমস্/আইইউ