ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপি-যুবশক্তির দুই নেতা কারাগারে

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ঝিনাইদহে পুলিশের হাতে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির

2026-05-25T08:50:12+06:00
2026-05-25T08:50:12+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপি-যুবশক্তির দুই নেতা কারাগারে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:৫০ এএম   (ভিজিট : ২৯)
তারেক রেজা ও অয়ন রহমান খান

তারেক রেজা ও অয়ন রহমান খান

ঝিনাইদহে পুলিশের হাতে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অয়নকে গুম করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় এই দুই নেতাকে আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, রোববার (২৬ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা ঝিনাইদহের একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন। এ সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে এনসিপি নেতা তারেক রেজার নামে একটি মামলা থাকায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়, একই মামলায় শনিবার (২৩ মে) রাতে যশোর থেকে এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তির নেতা অয়ন রহমানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। তাকে রোববার (২৪) বিকেলে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, যুবশক্তির নেতা অয়ন রহমানকে গুম করা হচ্ছে বলে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছিল। আমরা কাউকে গুম করার পক্ষে না, গুমের অভিযোগ ভিত্তিহীন।

অয়ন রহমানকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আইনগত প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া অয়নকে আটক প্রক্রিয়ার সময় তার পিতা, মা ও বোনকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ