ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (১৮ মে) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা দুই নারী হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার বনগ্রামের মারুফ হোসেনের মেয়ে লিমা ফিরোজ শাইখ ওরফে মিম এবয় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চর মহিষাপুর গ্রামের সোলাইমান মন্ডলের মেয়ে রাজিয়া খাতুন।
বেনাপোল পোর্ট থানা ওসি সাখাওয়াত জানান মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মুম্বাইয়ের ছাড়পত্রের মাধ্যমে ওই দুই নারীকে দেশে ফেরত পাঠানো হয়।
হস্তান্তর প্রক্রিয়ার সময় দুই দেশের সীমান্তরী বাহিনী (বিজিবি-বিএসএফ), পুলিশ ও মানবপাচার প্রতিরোধ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা নারীরা জানান, দালালের প্রলোভনে পড়ে অবৈধ সীমান্তপথে তারা ভারতে পাচার হয়েছিলেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে আদালতের নির্দেশে তাদের মুম্বাইয়ের মহারাষ্ট্র শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার সংস্থা দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে।
যশোর জাষ্টিস এন্ড কেযার এর ভলেন্টিয়ার সফিকুল ইসলাম জানান, ফেরত আসা দুই নারীকে তাদের শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবার এর কাছে হস্তান্তর করা হবে।
ডেল্টা টাইমস/মো: আনিছুর রহমান/সিআর/এমই