টেলিযোগাযোগ দিবসের বাণীতে জাতিসংঘ মহাসচিব
সংকটে ডিজিটাল প্রযুক্তিই ভরসা, তবুও ভরসা সবার নেই
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:২১ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৭:৪৩ পিএম (ভিজিট : ২৭)

ফাইল ছবি
ডিজিটাল প্রযুক্তিকে এখন মানুষের জীবনের “লাইফলাইন” বা রক্ষাকবচ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ১৭ মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে দেওয়া বিশেষ বার্তায় তিনি এ আহ্বান জানান।
এ বছর বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “ডিজিটাল লাইফলাইনস: সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা শক্তিশালী করা”।
বাণীতে জাতিসংঘ মহাসচিব বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্রযুক্তি শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি এখন নিরাপত্তা, জরুরি সেবা এবং মৌলিক জনসেবার সঙ্গে মানুষের সংযোগের একটি অপরিহার্য অবকাঠামো হিসেবে কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় এই প্রযুক্তি আগাম সতর্কতা প্রদান, উদ্ধার কার্যক্রম সমন্বয় এবং হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে তিনি সতর্ক করে বলেন, এই সুযোগ-সুবিধা এখনো সবার জন্য সমানভাবে নিশ্চিত হয়নি। বিশ্বের বহু অঞ্চল এখনো ইন্টারনেট সংযোগের বাইরে বা ‘অফলাইন’ অবস্থায় রয়েছে। একই সঙ্গে সাইবার হুমকি, অপপ্রচার, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর বিভাজন বৈশ্বিক বৈষম্য আরও গভীর করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় তিনি সমুদ্রের তলদেশে স্থাপিত কেবল নেটওয়ার্ক, স্যাটেলাইট প্রযুক্তি এবং স্থানীয় পর্যায়ে ইন্টারনেট অবকাঠামো সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং সবার জন্য সমান সংযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মহাসচিব আরও বলেন, ‘গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট’ বাস্তবায়ন এবং মানবাধিকারভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শাসনব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি উল্লেখ করেন, ডিজিটাল অবকাঠামোকে জনকল্যাণমূলক সেবা হিসেবে বিবেচনা করতে হবে। যদি এটি সর্বজনীন, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করা যায়, তবে ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবিলায় সমাজ আরও বেশি স্থিতিস্থাপক হয়ে উঠবে।
ডেল্টা টাইমস/সিআর/আইইউ