পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। নদী, খাল রক্ষায় শিগগির অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব, একটি লড়াই ও আন্দোলন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার খাল খনন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে হাতে নিয়েছে। সে অনুযায়ী কাজ করছে সরকার। এতে দেশে একটি নতুন জাগরণ তৈরি হয়েছে। এটি ধরে রাখতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর সুফল ও সুবিধা ভোগ করবে দেশের মানুষ।
এর আগে পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরের বটতলীতে ফোর লেন সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উদ জামান, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
পরে সদর উপজেলার ভবানীগঞ্জে খাল খনন কর্মসূচি ও জেলা পরিষদের সামনে অসহায়দের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ করেন মন্ত্রী।