
কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৫টা ৪৫ মিনিটে সাহারা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোহাম্মদ আদম আলী (৫২)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া খাদিমপুর গ্রামের বাসিন্দা এবং গোলজার গাইনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে পাবনাগামী একটি ঘাতক গাড়ি সাইকেল আরোহী আদম আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। পরে ৯৯৯ জরুরি সেবার সহযোগিতায় পাকশী হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রাণ কোম্পানির মালিকানাধীন ঘাতক গাড়িটি আটক করে। পরবর্তীতে গাড়িটি আইনগত প্রক্রিয়ার জন্য চৌরহাস হাইওয়ে থানা, কুষ্টিয়ায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী–কুষ্টিয়া মহাসড়কের চৌরহাস হাইওয়ে থানার এসআই মোহাম্মদ রইস উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
ডেল্টা টাইমস/মো. আবু ওমর/সিআর/এমই