
পাবনার ঈশ্বরদীর পাকশী ফুরফুরা দরবার শরীফের কায়েম মোকাম পাকশী দারুশ শরীয়ত রিয়াজুল জান্নাত খানকাহ্ কমপ্লেক্সে ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ঈসালে সওয়াব–২০২৬ উপলক্ষে প্রথম দিনেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পাকশী ফুরফুরা দরবার এলাকা ঘুরে দেখা যায়, খানকাহ্ প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো এবং মুসল্লিদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মাহফিল ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া মাহফিলটি শনিবার বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত আলেম-ওলামাগণ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, আত্মশুদ্ধি ও সমাজ সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। মাহফিলকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।