
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় ঢাকার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এসব ঘটনার প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মানববন্ধন করেছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন মানববন্ধনে বলেন, “ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আমাদের ধৈর্যের সীমা শেষ। এসব মামলা সাংবাদিক সংগঠনকে হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে। দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হয়রানি ও মিথ্যা মামলা গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।”
তিনি আরও বলেন, “দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা এবং নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অতীতেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে, কিন্তু বিচার না হওয়ায় আজও দুর্বৃত্তরা এমন দুঃসাহস দেখাচ্ছে।”
মানববন্ধনে ডিআরইউ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার, নূরুল কবীরকে হেনস্তাকারী ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায় এবং অন্যথায় কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেয়।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “ডিআরইউ সব সময় তার সদস্যদের পাশে আছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিপন্থী। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। চাইলেই গণমাধ্যমের কণ্ঠরোধ করা যায় না।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, “দেশে গণমাধ্যমে হামলা নতুন নয়। অতীতেও বিভিন্ন সংবাদমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। আমরা সব সময় সাংবাদিকদের অধিকারের পক্ষে রাস্তায় দাঁড়াই। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”
মানববন্ধনে ডিআরইউ’র সাবেক সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, কার্যনির্বাহী সদস্যসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস্/আইইউ