গত এক বছরে দেশে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে এই ভাইরাসে মারা গেছেন ২৮৫ জন, যা এক বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নভেম্বর ২০২৫ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম পামী।
নতুন শনাক্তদের মধ্যে ৫০ শতাংশ পুরুষ সমকামী এবং ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী। এই দুই শ্রেণির অংশ গত বছরের ৪৯ শতাংশ থেকে বেড়ে এ বছর ৬০ শতাংশ হয়েছে। তাঁদের বড় অংশ যুবক ও শিক্ষার্থী। এ ছাড়া আক্রান্তদের ১১ শতাংশ বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য। এই তিন শ্রেণি মিলিয়ে মোট শনাক্তের ৭১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে শনাক্তকৃত এইচআইভি আক্রান্ত ১৬ হাজার ৬১৮ জন। তবে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন আক্রান্ত থাকতে পারেন। অর্থাৎ প্রায় ৩ হাজার ২০০ জন জানেনই না যে তাঁরা ভাইরাসে আক্রান্ত।
এক বছরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩০৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে পুরুষ ৮৫ শতাংশ, নারী ১৫ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠী ১ শতাংশ। বৈবাহিক অবস্থা অনুযায়ী ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা ও বিপত্নীক এবং ১ শতাংশ বিবাহবিচ্ছিন্ন বা একা বসবাসকারী। বয়সভিত্তিক বিশ্লেষণে ২৫–৪৯ বছর বয়সীরা ৬১ শতাংশ, ২০–২৪ বছর বয়সীরা ২৪ শতাংশ এবং অন্য বয়সগোষ্ঠীর ১৫ শতাংশ।
পেশা ও আচরণ বিশ্লেষণে দেখা গেছে, পুরুষ সমকামী ৫০ শতাংশ, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য ১১ শতাংশ, পুরুষ যৌনকর্মী ১০ শতাংশ, রোহিঙ্গা জনগোষ্ঠী ৫ শতাংশ, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ৪ শতাংশ, নারী যৌনকর্মী ১ শতাংশ, হিজড়া ১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠী ১৮ শতাংশ।
সর্বশেষ ছয় বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে নতুন শনাক্ত ছিল ৬৫৮ জন, মৃত্যু ১৪১। ২০২১ সালে শনাক্ত ৭২৯ ও মৃত্যু ২০৫; ২০২২ সালে শনাক্ত ৯৪৭ ও মৃত্যু ২৩২; ২০২৩ সালে শনাক্ত ১ হাজার ২৭৬ ও মৃত্যু ২৬৬; ২০২৪ সালে শনাক্ত ১ হাজার ৪৩৮ ও মৃত্যু ১৯৫; এবং ২০২৫ সালে শনাক্ত ১ হাজার ৮৯১ ও মৃত্যু ২১৯ জন।
২০২৫ সালে শনাক্ত ১ হাজার ৮৯১ জনের প্রায় ৫৬ শতাংশ বিভিন্ন ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাকিরা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী, অভিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীর সদস্য।
ব্রিফিংয়ে আয়োজকেরা জানান, এই তথ্য থেকে বোঝা যায়, দেশে এইচআইভি এখনো সবার মধ্যে সমানভাবে ছড়ায়নি। এটি মূলত ঝুঁকিতে থাকা নির্দিষ্ট কিছু গোষ্ঠী ও পিছিয়ে পড়া মানুষের মধ্যেই বেশি ছড়াচ্ছে।
ব্রিফিংয়ে বলা হয়, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত এইডস চিকিৎসাসেবার আওতায় আনা অত্যন্ত জরুরি। শনাক্তের পরপরই চিকিৎসা নিলে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অন্যের মধ্যে ছড়ানোর ঝুঁকি কমে। এ বছর শনাক্ত ২ হাজার ৩০৫ জনের ৮৭.৮ শতাংশ শনাক্তের পরপরই চিকিৎসা শুরু করেছেন।
আয়োজকদের মতে, নতুন রোগী বাড়ার একটি বড় কারণ আগের চেয়ে অনেক বেশি মানুষের পরীক্ষা করা। বিশেষ করে পুরুষ সমকামী ও পুরুষ যৌনকর্মীদের মধ্যে পরীক্ষা বাড়ানোয় গত কয়েক বছরে তাঁদের মধ্যে বেশি রোগী ধরা পড়ছে।
আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এইচআইভিতে মৃত ব্যক্তিদের স্মরণ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘সেবা বাড়াই, এইডস কমাই’।
বাংলাদেশে প্রথম এইচআইভি সংক্রমণ শনাক্ত হয় ১৯৮৯ সালে। তখন থেকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে স্থিতিশীল রয়েছে।