প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৫:৩২ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষের ঘটনা অন্তঃকলহের জেরেও হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফজরের নামাজের পর অনেক লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তাদের মধ্যে অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব হয়েছে কিংবা সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
তবে স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন অংশে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকার সীমান্তবর্তী স্থানে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী (৩০) নিহত হন। তিনি শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নিজামউদ্দিন মৃধা (৪০)। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, নিজামউদ্দিন মৃধা আওয়ামী লীগের কর্মী ছিলেন।