রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমারের স্পষ্ট অস্বীকৃতি

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু অংশকে ‘অনুপযুক্ত’ আখ্যা দিয়ে তা মানতে অস্বীকৃতি জানিয়েছে

2026-11-26T18:13:31+06:00
2026-11-26T18:13:31+06:00
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমারের স্পষ্ট অস্বীকৃতি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৮)

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু অংশকে ‘অনুপযুক্ত’ আখ্যা দিয়ে তা মানতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। বুধবার (২৫ নভেম্বর) দেশটির নেতা মিন অং হ্লাইং আদালতের রায়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে এ অবস্থানের কথা জানান। খবর রয়টার্সের। 

গত সপ্তাহে দেওয়া এক ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আইসিজে। ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। 

তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতেই সামরিক বাহিনী ওই অভিযান পরিচালনা করেছিল। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে এই প্রথম কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করল আইসিজে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিন অং হ্লাইং মন্তব্য করেছেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ওপর গুরুতর প্রভাব ফেলেছে। বুধবার এক বৈঠকে তিনি বলেন, ‘একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব শর্তকে তারা অনুপযুক্ত মনে করে, সেগুলো মেনে চলবে না।’

তবে আদালতের রায়ের ঠিক কোন কোন অংশ মিয়ানমার মানতে অস্বীকৃতি জানাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা দায়ের করে। মামলার মূল বিষয় ছিল ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান।

আইসিজের রায়ে বলা হয়েছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়। এ ছাড়া সাত লাখের বেশি রোহিঙ্গা পায়ে হেঁটে কিংবা সমুদ্রপথে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে আদালত মনে করে।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয়। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের দায়েও সংখ্যাগরিষ্ঠ বিচারকের সমর্থনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ