প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম (ভিজিট : ০)

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার আসামি ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন।
আবেদনে আরো বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশ বিশেষ, কৌটার অংশবিশেষ একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাঁচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
এর আগে বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিবি।