স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি হরমোন থেরাপির ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট)

2026-11-24T11:54:11+06:00
2026-11-24T11:54:11+06:00
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ১২)

স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি হরমোন থেরাপির ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট) নামের ওষুধটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে। দুই দশকের বেশি সময় পর এ ধরনের ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন দিল সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) ওষুধটির অনুমোদনের ঘোষণা দেয় এফডিএ। সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের সহযোগী প্রতিষ্ঠান জেনেনটেক এটি তৈরি করেছে। প্রতিদিন একবার সেবনযোগ্য ট্যাবলেটটি অস্ত্রোপচারের পর ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি কমাতে ব্যবহার করা হবে।

তবে ওষুধটি সব ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা যাবে না। এফডিএর অনুমোদন অনুযায়ী, প্রাপ্তবয়স্ক যেসব রোগীর ক্যানসার ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ, তাদের নির্দিষ্ট পর্যায়ের রোগে এটি ব্যবহার করা যাবে। বিশেষ করে অস্ত্রোপচারের পর যাদের ক্যানসার ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তারা এ চিকিৎসার আওতায় আসবেন।

ইআর-পজিটিভ স্তন ক্যানসারের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন ক্যানসার কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে। নতুন ওষুধটি ক্যানসার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সেটি ভেঙে ফেলতেও সাহায্য করে। ফলে ক্যানসার কোষের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংকেত বন্ধ হয়ে যায়।

ওষুধটির অনুমোদনের ভিত্তি ছিল ৪ হাজার ১৭০ জন রোগীর ওপর পরিচালিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। এতে গিরেডেস্ট্র্যান্টের কার্যকারিতার সঙ্গে প্রচলিত হরমোন থেরাপির তুলনা করা হয়। প্রচলিত চিকিৎসায় ট্যামোক্সিফেন অথবা অ্যারোমাটেজ ইনহিবিটর ব্যবহার করা হয়েছিল।

ট্রায়ালের ফলাফলে দেখা যায়, প্রচলিত হরমোন চিকিৎসার তুলনায় নতুন ওষুধটি ব্যবহারে ক্যানসার ফিরে আসা অথবা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ কমেছে। চিকিৎসা শুরুর তিন বছর পর গিরেডেস্ট্র্যান্ট গ্রহণকারী রোগীদের ৯২ দশমিক ৪ শতাংশ ক্যানসার ফিরে আসা ছাড়াই বেঁচে ছিলেন। প্রচলিত চিকিৎসা গ্রহণকারীদের ক্ষেত্রে এই হার ছিল ৮৯ দশমিক ৬ শতাংশ।

তবে ওষুধটি রোগীদের সামগ্রিক আয়ু বাড়াতে পারে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আরও পর্যবেক্ষণ চলছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার ফলাফল জানতে রোগীদের ওপর নজরদারি অব্যাহত রাখবে বলে জানিয়েছে এফডিএ।

ওষুধটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, শরীরে গরম অনুভূতি, ক্লান্তি, মাথাব্যথা, বমিভাব ও মাথা ঘোরা। এ ছাড়া রক্ত পরীক্ষায় যকৃতের এনজাইম, রক্তকণিকা এবং রক্তে চর্বির মাত্রায় পরিবর্তন দেখা যেতে পারে।

এর আগে গত ১৬ নভেম্বর উন্নত পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় অন্য একটি ওষুধের সঙ্গে গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। নতুন অনুমোদনের ফলে প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আরও একটি বিকল্প যুক্ত হলো।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ