পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

রাজধানীর গুলশানের এক পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক

2026-11-23T12:55:27+06:00
2026-11-23T12:55:27+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক প্রতিমন্ত্রী
পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১১)

রাজধানীর গুলশানের এক পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

দেশের পরিবহণ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহনের মধ্যে গতির সমন্বয় তৈরিতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, সরকার আধুনিক পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন চালু, সড়কে চলাচলকারী বিভিন্ন গতির যানবাহনকে সুষ্ঠু নীতিমালার আওতায় আনা এবং সবার জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ক্ষেত্রে উবারের মতো প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান সহযোগী হতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের এক পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে পরিবহন শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বিষয় নয়। এটি মানুষের নিরাপত্তা, সময়, স্বাচ্ছন্দ্য এবং জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি জড়িত। সরকারের লক্ষ্য এমন একটি পরিবহণব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ সহজে, নিরাপদে এবং কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও নগরায়ণ বাড়ছে। এই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করতে হবে। বিশেষ করে ঢাকা শহরের যানজট কমানো, গণপরিবহণের মান উন্নয়ন এবং বিভিন্ন পরিবহণ সেবার মধ্যে সমন্বয় তৈরি করা এখন সময়ের দাবি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবহণ ব্যবস্থা আরও সহজ হবে, মানুষের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে।

সড়ক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা এবং প্রতিটি মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। সড়ক নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়। পরিবহন মালিক, চালক, যাত্রী এবং বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উবার কর্তৃপক্ষকে চালকদের প্রশিক্ষণ, নিরাপত্তা, সচেতনতা এবং যাত্রীসেবার মান উন্নয়নে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে পরিবহন খাতে বড় পরিবর্তন আনা সম্ভব। সরকার প্রয়োজনীয় নীতিমালা ও সহযোগিতা দেবে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি, বিনিয়োগ ও নতুন ধারণা নিয়ে এগিয়ে আসবে। দেশের পরিবহন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার।

উবারের ১০ বছরের কার্যক্রমের প্রশংসা করে হাবিবুর রশিদ বলেন, শুরুতে উবার নামটি মানুষের কাছে অপরিচিত ছিল। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটির সেবার মাধ্যমে এটি পরিচিত ও জনপ্রিয় পরিবহণ মাধ্যমে পরিণত হয়েছে। অতীতে কঠিন পরিস্থিতিতে মানুষ কোন পরিবহন ব্যবহার করবে, কাকে ডাকবে এবং যাতায়াতে নিরাপদ থাকবে কি না— এসব নিয়ে চিন্তিত থাকত। উবার সে সময় মানুষকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। প্রতিষ্ঠানটির পেশাদারিত্ব, চালকদের দায়িত্বশীলতা এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক পরিবহণ ব্যবস্থা বাস্তবায়নের জন্য কাজ করছেন। সরকার বৈদ্যুতিক যানবাহন নিয়েও কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সড়কে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা বিভিন্ন গতির যানবাহনকে সুষ্ঠু সরকারি নীতিমালার আওতায় আনা, সবাইকে জবাবদিহির মধ্যে নিয়ে আসা এবং যানবাহনের গতির সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি, আগামী দিনে বাংলাদেশের পরিবহণ ব্যবস্থায় যে আমূল পরিবর্তনের দিকে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার নজর দিচ্ছেন এবং কাজ করছেন, সেখানে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, উবার বাংলাদেশের কান্ট্রি হেড জামশেদ হাসান প্রমুখ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ