এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে হবে: ড. ওয়াহিদউদ্দিন

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দুর্নীতি-অনিয়ম নিয়ন্ত্রণ এবং ব্যবসার খরচ কমাতে হবে। দেশে

2026-11-21T17:47:06+06:00
2026-11-21T17:47:06+06:00
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে হবে: ড. ওয়াহিদউদ্দিন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১১)

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দুর্নীতি-অনিয়ম নিয়ন্ত্রণ এবং ব্যবসার খরচ কমাতে হবে। দেশে টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। বড় রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্ব চলতে থাকলেও স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে তা বেশি দূর এগোতে পারে না। পোশাক খাত নিয়েও নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে।

শনিবার (২১ নভেম্বর) এফডিসিতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা।

বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও কন্সপিরেসি থিওরি চলতেই থাকবে। তা মোকাবিলায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি হালে পানি পায় না।
এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমাদের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার ভাঙা-গড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে আমাদের যে অভ্যাস হয়ে গেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে পরিবেশ দরকার, সেদিকে বিগত সময়ে দৃষ্টি দেওয়া হয়নি।

তিনি বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সারা বিশ্বের সঙ্গে আমাদের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করতে হবে। পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। এক্ষেত্রে মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।

এই অর্থনীতিবিদ বলেন, পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। এ শিল্প ধ্বংসের পথে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকরা।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। তবে এ বর্ধিত সময় আত্মতুষ্টিতে না থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীরা এখনো প্রস্তুতি নিতে পারেননি। গ্র্যাজুয়েশনের পর পোশাক খাতের বড় কারখানাগুলোর তেমন অসুবিধা না হলেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে দেশের তৈরি পোশাক খাত প্রত্যক্ষভাবে জড়িত। পোশাক খাতের চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারাবে। ফলে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক খাত ঝুঁকিতে পড়বে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ থাকলেও সঠিক প্রস্তুতি নিলে তা সম্ভাবনায় পরিণত হবে। এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের সমাপ্তি নয়, বরং সম্ভাবনার সূচনা। এটি বাংলাদেশের জন্য দরজা বন্ধ হওয়ার গল্প নয়, বরং নতুন দরজা খোলার সুযোগ। এতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে, ব্র্যান্ড ইমেজ উজ্জ্বল হবে, ক্রেডিট রেটিং উন্নত হবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। ফলে নতুন বাজার ধরার সুযোগ তৈরি হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুল্কসুবিধা অর্জনের পাশাপাশি উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি, মান, উদ্ভাবন ও সুশাসনের শক্তিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা।

‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ