প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম (ভিজিট : ৭)

রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার চূড়ান্ত রায় পড়ছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট) ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ শুরু করেন জাপানের এই বিচারপতি। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসে সরাসরি সেই সম্প্রচার দেখছেন রোহিঙ্গারা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা রোহিঙ্গারাও দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন।
রায় পাঠের শুরুতেই ২০১৭ সালের অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি উঠে এসেছে।
আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া বলেন, আদালত মনে করে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলা করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে নিহতের সংখ্যা প্রায় ১০ হাজার বলে উল্লেখ করা হয়েছে। রায় পাঠ চলার সময় এসব তথ্য প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্তের সব বিষয় জানতে আদালতের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও দেখা গেছে। সাত বছরের আইনি প্রক্রিয়ার পর আসা এই রায় রোহিঙ্গাদের কাছে কেবল একটি মামলার নিষ্পত্তি নয়; ২০১৭ সালের সামরিক অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বাস্তুচ্যুতির অভিযোগের বিচারিক স্বীকৃতি এবং দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশার সঙ্গেও জড়িয়ে আছে।
রোহিঙ্গা নেতাদের প্রত্যাশা ন্যায়বিচার ও প্রত্যাবাসন
রায় ঘোষণাকে কেন্দ্র করে রোহিঙ্গা নেতারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আমরা আইসিজের রায় নিয়ে আশাবাদী। অতীতের বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে প্রত্যাশিত পরিবর্তন না এলেও এবার ভালো ফলের আশা করছি। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং আমাদের নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে।
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইন বলেন, রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার কেবল আদালতের একটি রায়ে সীমাবদ্ধ থাকতে পারে না। এর অর্থ পরিচয়ের স্বীকৃতি, হারানো অধিকার ফিরিয়ে দেওয়া, প্রতিটি ভুক্তভোগীর জন্য বিচার এবং নিরাপদে নিজ দেশে ফিরে শান্তি ও মর্যাদার সঙ্গে জীবন গড়ার সুযোগ। এ জন্য নাগরিকত্ব, সমান অধিকার এবং রোহিঙ্গাদের একটি জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতির নিশ্চয়তা প্রয়োজন। গণহত্যার স্বীকৃতি এলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত রায় বাস্তবায়ন এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন মনে করেন, আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের রাজনৈতিক দাবিকে আরও শক্তিশালী আইনি ভিত্তি দিতে পারে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে প্রায়ই রাজনৈতিক দর-কষাকষির বিষয় হিসেবে দেখা হয়। কিন্তু আদালত যদি গণহত্যার দায় নির্ধারণ করে, তাহলে তাদের দাবির পক্ষে একটি আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি হবে। তবে অনুকূল রায় হলেও পরদিনই রোহিঙ্গারা দেশে ফিরে যেতে পারবেন—এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের পরিবর্তনে সময় লাগবে।
বাংলাদেশ সফর শেষে গতকাল বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি বলেন, ১৯ নভেম্বরের রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। রায়ে কী সিদ্ধান্ত আসবে, তা আগে থেকে বলা সম্ভব নয়; তবে তার প্রত্যাশা, আদালত অপরাধগুলোকে যথাযথ নামে স্বীকৃতি দেবে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।
কেলি কারি বলেন, রায় ঘোষণার পর জাতিসংঘের সদস্যদেশগুলোর দায়িত্ব হবে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সহযোগিতা করা। রায় প্রত্যাশা পূরণ না করলেও ন্যায়বিচারের দাবিতে রোহিঙ্গা ভুক্তভোগীদের দীর্ঘ লড়াই ও দৃঢ়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের ইতিহাস ২০১৭ সালে শুরু হয়নি, আবার ওই বছরেই শেষও হয়নি। পরিচয় অস্বীকার, উচ্ছেদ, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার মতো অপরাধের ধারাবাহিকতা রয়েছে। এসব অপরাধের দায়মুক্তি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জরুরি।
মামলার পেছনের সাত বছরের আইনি লড়াই
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা মামলায় গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণ, গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে নিশ্চয়তা দেওয়ার আবেদন জানানো হয়।
২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং গণহত্যার অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেয়। ওই আদেশে গণহত্যা সনদের অধীনে মিয়ানমারের দায়িত্বের কথাও উল্লেখ করা হয়। পরে ২০২২ সালের ২২ জুলাই আদালত জানায়, এ মামলা শোনার এখতিয়ার তাদের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য।
২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষের আইনি যুক্তি উপস্থাপনের পাশাপাশি সাক্ষী ও বিশেষজ্ঞের বক্তব্য নেওয়া হয়। এরপর ২৯ জানুয়ারি আদালত জানায়, তারা রায় নিয়ে বিচারিক আলোচনা শুরু করেছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার রায় পাঠ শুরু হয়েছে।
গাম্বিয়ার মামলায় কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি দেশ হস্তক্ষেপের ঘোষণা দেয়। গণহত্যা সনদের ব্যাখ্যা ও প্রয়োগের বিষয়ে এসব দেশের অংশগ্রহণ মামলাটিকে আন্তর্জাতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আইসিজের মামলাকে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশও। গত ২৭ আগস্ট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের ফাঁকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য গাম্বিয়ার নেতৃত্বে নেওয়া উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক আলোচনায় সক্রিয় রাখা এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। ঢাকার অবস্থান, শুধু মানবিক সহায়তা দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়; রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োজন।
রায় কি নাগরিকত্ব ও প্রত্যাবাসনের পথ তৈরি করবে?
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের মতে, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তার প্রত্যাশা, আদালতের সিদ্ধান্তে রোহিঙ্গাদের মিয়ানমারের ঐতিহাসিক জনগোষ্ঠী হিসেবে অবস্থান আরও জোরালোভাবে উঠে আসতে পারে। এতে মিয়ানমারের পক্ষ থেকে তাদের ‘বহিরাগত’ বা ‘বাঙালি অভিবাসী’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হবে।
তবে আইসিজের রায় সরাসরি রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করবে না কিংবা প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ করবে না। বরং আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আইনি ও কূটনৈতিক চাপ বাড়াতে এবং রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার নিয়ে আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে পারে। সেই চাপকে বাস্তব পরিবর্তনে রূপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক উদ্যোগ এবং মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
ডেল্টা টাইমস/সিআর/এমই