প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম (ভিজিট : ৭)

ঢাকা শহরে আবাসন ও স্থানের সংকট কমাতে উঁচু ভবন নির্মাণে জোর দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ জন্য ২০ থেকে ৩০ তলা ভবন নির্মাণের পাশাপাশি প্রকল্পে পর্যাপ্ত খোলা জায়গা, খেলার মাঠ ও জনপরিসর রাখার নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বিদ্যমান জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভবনগুলোকে উল্লম্বভাবে সম্প্রসারণ করতে হবে।
এতে একই জায়গায় বেশি মানুষের আবাসনের ব্যবস্থা হবে। পাশাপাশি খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরির সুযোগ বাড়বে।
তিনি বলেন, ‘আমরা এখন ছোট ছোট পাঁচ, আট কিংবা ১০ তলা ভবন নির্মাণ করছি। কিন্তু ঢাকা শহরে ১৫, ২০, ২৫ এমনকি ৩০ তলা পর্যন্ত ভবন নির্মাণের সুযোগ থাকা উচিত।
১০০টি বাড়ির পরিবর্তে যদি দুটি বা তিনটি ২০–৩০ তলা ভবনে মানুষের আবাসনের ব্যবস্থা করা যায়, তাহলে অনেক জায়গা খালি থাকবে। সেখানে খেলার মাঠ ও জনপরিসর তৈরি করা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, নতুন যেসব প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোতে পর্যাপ্ত উন্মুক্ত জায়গা রাখার বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে। এ জন্য প্রকল্পে বাধ্যতামূলকভাবে কতটুকু খোলা জায়গা রাখতে হবে, সে বিষয়ে নীতিমালা তৈরির কাজ চলছে। পাশাপাশি উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে কত দূর পর্যন্ত যাওয়া যাবে, তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।
সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প বাস্তবায়ন নয়
সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই ৭৫টির বেশি প্রকল্প নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্যতা সমীক্ষা করার নীতিমালা রয়েছে। বিশেষ করে কারিগরিভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে এ সমীক্ষা আরও বেশি জরুরি।
তিনি বলেন, অর্থবছরের সময়সীমার সঙ্গে সমন্বয় করতে গিয়ে কোনো কোনো প্রকল্প অনুমোদন করা হলেও বাস্তবায়নের আগে সম্ভাব্যতা সমীক্ষার শর্ত পূরণ করতে হবে। সমীক্ষা ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না।
এ সময় সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে সেতু নির্মাণের কারণে নদীর প্রশস্ততা ও স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে সেতুর নকশা তৈরির সময় নদীর দুই পাড়ের মধ্যে সংযোগের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। যথাযথ সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা অনুসরণ করেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই