ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম (ভিজিট : ০)

ড. মুহাম্মদ ওসমান ফারুক/ ফাইল ছবি
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও দলটির জ্যেষ্ঠ নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।
এর আগে দুপুরে ওসমান ফারুকের সংসদ সদস্য পদ ছাড়ার খবর আসে গণমাধ্যমে। পরে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর তিনি সংসদ সচিবালয় বরাবর ই-মেইল করে একটি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রটি ১৫ নভেম্বর স্পিকার কর্তৃক গৃহীত হয়।
ড. ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। তিনি আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ওসমান ফারুক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন।
৮৬ বছর বয়সী বিএনপির জ্যেষ্ঠ নেতা ‘শারীরিকভাবে অসুস্থ’ বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। তবে দলটির অন্য একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় অসন্তোষ থেকে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই