প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম (ভিজিট : ৭)

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বর-২০২৬ ত্রৈমাসিকভিত্তিক তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২.১৭ শতাংশ। গত ৫ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায় যে, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বাড়ছে।
সোমবার (১৬ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান-এর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
সংসদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭.৬৪ শতাংশ। পরে ক্রমান্বয়ে এই চিত্র আরও অবনতির দিকে যায় এবং সেপ্টেম্বর ২০২৬-এ এসে দাঁড়ায় ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের ৩২.১৭ শতাংশ। বিগত ৫ বছরে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত ৫ বছরের খেলাপি ঋণের তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা এবং খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যার হার ছিল ১৭.৮৩ শতাংশ। এর পরের বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা ছিল মোট ঋণের ২৯.৯২ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা এবং খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে, যা মোট ঋণের ৩২.১৭ শতাংশ। এছাড়া ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ৭.৬৪ শতাংশ এবং ২০২৩ সালে তা ছিল ৮.৩৯ শতাংশ।
মন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন সমস্যা বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পত্তির বিবরণী অনুসন্ধান, আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং অন্যান্য সংস্থাসহ বিভিন্ন দপ্তরের কার্যাবলীর মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানোর উদ্যোগসহ নানামুখী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় বিমা খাতের প্রতি মানুষের আস্থা ধরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহার। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পূরক প্রশ্নে নাজমুন নাহার জানতে চান, ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তাহলে বিমা খাতের প্রতি মানুষের আস্থা কীভাবে বজায় থাকবে? গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার সময়বদ্ধ ও দৃশ্যমান ব্যবস্থা নেবে কি না এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা আছে কি না?
জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আইডিআরএকে নতুনভাবে সাজানো হয়েছে। দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এরইমধ্যে সব বিমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে বিমাগ্রহীতাদের টাকা দিয়ে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে বিমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরপরও যেসব বিমা কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই