বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৬:০২ পিএম (ভিজিট : ১২)

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তারেক রহমান।
বৈঠকে তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কপ-৩১-এর চলমান আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া দুই দেশের কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তারেক রহমান। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও উল্লেখ করেন তিনি।