
জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতিও করতে পারবেন না।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলের নেতাকর্মীদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি।
সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে—বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তবে তিনি প্রশ্ন তোলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের (জামায়াত) শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে এসব উসকানির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।
দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব বিলুপ্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে দাঁড়িয়েছে। বাকি ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।
বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাঁদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছেন, তাঁদের তিনি ক্ষমা করে দিয়েছেন।
তবে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’
দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুনের একটি ঘটনার উল্লেখ করেন তিনি। তাঁর বর্ণনা অনুযায়ী, সেদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ডাকা একটি কর্মসূচি চলাকালে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, বাসের ভেতরে থাকা যাত্রীরা জানালার গ্রিল ধরে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে অন্তত নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হন।
এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ওয়ান-ইলেভেনের সময়কার অবৈধ সরকারের আমলে ওই ঘটনার বিবরণ প্রকাশিত হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন।
তিনি বলেন, একজন মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন, সরকারও তেমন একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।
‘আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত হলেও তাঁরা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হননি, যাতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তবে সরকারের এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
তাঁর ভাষ্য, বর্তমান সরকারের আমলে কাউকে গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা অজ্ঞাত স্থানে নির্যাতনের শিকার হতে হবে না—এমন ধারণাকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে তারা অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই এসব চক্রান্ত নস্যাৎ করার অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজন অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাহিনীকে আইনানুগভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে এই কষ্টকে পুঁজি করে শ্রমজীবী মানুষকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসররা বলে অভিযোগ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সড়কে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী এবং মানবাধিকার ও মানবিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার কঠোর অবস্থান নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের কষ্ট লাঘবেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই শ্রমিক-মালিকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি। বোর্ডের কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
এ উদ্যোগে শ্রমিক ও মালিক উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কাজে ফিরে গেছেন বলেও জানান তিনি।
তবে একটি মহল শ্রমিক সংগঠন ও গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ কর্মকাণ্ডের সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমে সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতারা দাবি করেছেন, উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন; তাঁরা শ্রমিকের পরিচয়ে নাশকতা করছেন। পতিত ফ্যাসিবাদের সুপ্ত শক্তি এবং তাদের দোসর কিছু গুপ্ত শক্তির সংশ্লিষ্টতার খবরও এসেছে বলে উল্লেখ করেন তিনি।
সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ওই সংগঠনের নেতারা যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। এ ধরনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে সংসদীয় রীতিনীতি অনুসরণের কথা উল্লেখ করে তিনি কোনো দল বা ব্যক্তির নাম বলতে চাননি। তিনি বলেন, ‘আমি সংসদীয় রীতিনীতি ফলো করতে চাই।’
সংসদের পরিবেশ সম্প্রীতিময় রাখতে সরকার চায় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন নথি ও তথ্য সরকারের কাছে থাকলেও সম্প্রীতির স্বার্থে সেগুলো উল্লেখ করা হচ্ছে না। তবে দেশবাসী জানেন, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট বক্তব্য খুঁজলেই পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে কক্সবাজারে একজন সৈনিক নিহত হওয়ার ঘটনা তুলে ধরেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি ছিল গত কয়েক বছরের মধ্যে মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম সফল অভিযান।
ওই অভিযানের মাধ্যমে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন পর্যায়ে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলবে।
গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর একজন সদস্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক শেষে আবার ভারতে পালিয়ে গেছেন। রঞ্জিত সরকার নামে পরিচিত ওই ব্যক্তি কোন পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার এজাহারে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের প্রায় সবাই সুনামগঞ্জের বাসিন্দা হওয়ায় সুনামগঞ্জ ও সিলেট জেলা পুলিশ যৌথভাবে তাঁদের গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ওই বৈঠকে অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।
বক্তব্যের দ্বিতীয় অংশে স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণ অপরাধমুক্ত থাকুক—এটাই সবার প্রত্যাশা। তবে প্লেটোর আদর্শ রাষ্ট্রের মতো অপরাধমুক্ত রাষ্ট্র বাস্তবে সম্ভব নয়। বিশ্বের কোনো দেশেই কোনো সময় শূন্য অপরাধের ঘটনা ছিল না।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ২০২৫ সালের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান এবং বর্তমান সরকারের সময়ের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছে। তাই তুলনার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় খুনের ঘটনা কমেছে ২৮৭টি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ। যেকোনো সংসদ সদস্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যাচাই করতে পারবেন।
তিনি বলেন, গতকাল একটি পত্রিকার প্রতিবেদনে তুলনামূলক বিবরণ না দেখিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলা হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি বা অবনতি বুঝতে হলে নির্দিষ্ট সময়ের সঙ্গে তুলনা করতে হবে।
মবের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটেছিল। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ১৬টিতে নেমেছে। অর্থাৎ আগের বছরের তুলনায় মবের ঘটনা কমেছে ৩৯টি।
তিনি বলেন, ‘এই ১৬টাও যাতে না হয়, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেব। ধীরে ধীরে দেশে কোনো মব থাকতে পারবে না।’
এ ছাড়া চুরি, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধের বিস্তারিত পরিসংখ্যান পুলিশের ওয়েবসাইটে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৫টি কমেছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
সীমান্ত পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের দায়িত্ব গ্রহণের আগের সময়ে পুশইনের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪৮২ জন। অন্যদিকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৭ জন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে পুশইনের চেষ্টা করা হয়েছিল। সরকার ধৈর্য ও কঠোরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। এ কারণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই সময়ে বিএসএফের ১৯৪টি ঘটনায় ১ হাজার ৩৫১ জন বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের শক্ত অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ১২ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ সীমান্তে হত্যাকাণ্ডে বাংলাদেশি নাগরিকের মৃত্যু কমেছে ১০ জন।
তিনি বলেন, সীমান্তে আর কোনো বাংলাদেশি যেন হত্যাকাণ্ডের শিকার না হন, সে প্রচেষ্টা সরকারের অব্যাহত রয়েছে। তাঁর দাবি, এসব পরিসংখ্যান সরকারের দৃঢ় অবস্থান এবং সীমান্তে বিজিবির কার্যক্রমের চিত্র তুলে ধরে।
সীমান্তে অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিজিবি ৮১টি অস্ত্র উদ্ধার করেছিল। ২০২৬ সালের একই সময়ে অস্ত্র উদ্ধারের সংখ্যা বেড়ে ১২৯টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় অস্ত্র উদ্ধার বেড়েছে ৪৮টি।
তিনি আরও বলেন, গোলাবারুদ উদ্ধারের সংখ্যাও বেড়েছে। একইভাবে ডেটোনেটর, ককটেল ও মাইন উদ্ধারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সীমান্ত এলাকায় এসব বিস্ফোরক উদ্ধারের সংখ্যা গত বছরের তুলনায় ১০৬টি বেশি বলেও জানান তিনি।